শিরোনাম

ইরানের সরকার এখনো স্থিতিশীল: মার্কিন গোয়েন্দা সংস্থা

সিটিজেন ডেস্ক
ইরানের সরকার এখনো স্থিতিশীল: মার্কিন গোয়েন্দা সংস্থা
বুধবার করাচিতে ইয়ুম-ই-আলি মিছিলে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পুত্র, নতুন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিকৃতি ধারণ করে শিয়া মুসলিমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় দুই সপ্তাহের ভয়াবহ বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে– বর্তমানে ইরানের শাসনব্যবস্থা কোনো সংকটে নেই এবং দেশটির জনগণের ওপর সরকারের নিয়ন্ত্রণও বজায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই মূল্যায়ন সম্পর্কে কথা বলেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে চলমান এই যুদ্ধে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে– এমন কোনো নিশ্চয়তা নেই।

তবে সূত্রগুলো বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। ফলে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও যেকোনো সময় বদলে যেতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পাশাপাশি হোয়াইট হাউজ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসএ/