শিরোনাম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৯ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট এ বিপুল ব্যয়ের তথ্য তুলে ধরেন, যার সিংহভাগই ব্যয় হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্রের পেছনে। (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে যৌথ হামলা চালানোর পর থেকে শুরু হওয়া এ সংঘাত বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্য দিয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মূল কৌশলগত লক্ষ্যগুলো এখনো অধরাই রয়ে গেছে।

যুদ্ধ শুরুর প্রাক্কালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার পাশাপাশি তেহরানের বিপ্লবী সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়ার হুংকার দিয়েছিলেন। দীর্ঘস্থায়ী হামলায় তার একটিও অর্জিত হয়নি বলে প্রতীয়মান হচ্ছে। বর্তমানে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ট্রাম্প প্রশাসন আলোচনার টেবিলে বসার ওপর জোর দিলেও স্থায়ী সমাধানের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি।

ইরানের পক্ষ থেকে আগে যুদ্ধ বন্ধ এবং পরে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার শর্ত দেওয়া হলেও তা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। তবে সংশ্লিষ্ট কূটনৈতিক মহল ধারণা করছে, অচলাবস্থা কাটাতে ইরান খুব শীঘ্রই একটি সংশোধিত প্রস্তাব পেশ করতে পারে, যা এ অঞ্চলের অস্থিরতা হ্রাসে নতুন মোড় নিতে পারে।

সূত্র: রয়টার্স

/এমএকে/