শিরোনাম

লেবাননে ইসরায়েলি অভিযানে নিহত ৪১

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি অভিযানে নিহত ৪১
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের নবী চিত শহরে বিমান হামলা চালিয়েছে। ছবি: রয়টার্স

লেবাননে স্থল ও আকাশপথে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বিশেষ বাহিনী। এ অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত ক্রমেই তীব্র হওয়ার মধ্যে এই অভিযান চালানো হলো।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতে পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হন।

সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বেকা উপত্যকা অঞ্চল।

ইসরায়েলের অভিযানের পর লেবাননের রাস্তায় ছড়িয়ে থাকা গুলির খোসা। ছবি: রয়টার্স
ইসরায়েলের অভিযানের পর লেবাননের রাস্তায় ছড়িয়ে থাকা গুলির খোসা। ছবি: রয়টার্স

নিহতদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্য রয়েছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের একটি তালিকাও করেছেন, যেখানে কয়েকজন শিশুর নাম রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের নবি চিত এলাকায় চালানো এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রায় ৪০ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা।

শনিবার (৭ মার্চ) গ্রামটির একটি কবরস্থানের কোণে মাটিতে একটি গর্ত দেখা যায়, যেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা খালি কবরটির দিকে ইশারা করে বলেন, ইসরায়েলি বাহিনী ভেবেছিল নিখোঁজ ওই সেনার দেহাবশেষ সেখানে রয়েছে। তবে কবরটি খুঁড়ে কিছুই পাওয়া যায়নি।

/এসএ/