শিরোনাম

জাপানের সঙ্গে ১১ গোল খেলো ভারতের মেয়েরা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জাপানের সঙ্গে ১১ গোল খেলো ভারতের মেয়েরা
ভারতকে হতাশায় ডুবিয়েছে জাপান। ছবি: সংগৃহীত

ভারতীয় গোলকিপার পানথই চানু বলতে গেলে আজ পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষদের একজন। শনিবার (৭ মার্চ) নারী এশিয়ান কাপে জাপানি মেয়েরা একেকটা গোলের পর উদযাপন করে যাচ্ছিলেন আর চানু নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনছিলেন।

১১ গোল হজম করার যন্ত্রণা তো আর কম নয়! জাপান ১১-০ তে হারিয়েছে ভারতকে। টানা দুই জয়ে ‘সি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে জাপানি মেয়েরা।

এবারের এশিয়ান কাপে এটি কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে হার আর টুর্নামেন্ট ইতিহাসে ভারতের দ্বিতীয় বড় পরাজয়। এর আগে ২০০৩ আসরে চীনের কাছে ১২-০ গোলে হেরেছিল ভারত।

শনিবার প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে যাওয়া জাপান দ্বিতীয়ার্ধে করে আরও ৬ গোল। হ্যাটট্রিক করেছেন দুজন- হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি। জোড়া গোল করেছেন কিকো সেইকে। একবার করে স্কোরশিটে নাম তুলেছেন ইউজুকি ইয়ামামোতো, ইউয়ি হাসেগাওয়া ও মায়া হিজিকাতা।

আগামী মঙ্গলবার (১০ মার্চ) সিডনিতে চায়নিজ তাইপের বিপক্ষে জিততে না পারলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে ভারত।

/টিই/