মদ্যপ অবস্থায় রেফারিং, অদ্ভুত সিদ্ধান্তে তোলপাড়!

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মদ্যপ অবস্থায় রেফারিং, অদ্ভুত সিদ্ধান্তে তোলপাড়!
রেফারি হান্না হাত্তাব

ম্যাচের মাঝপথে বদল করতে হলো মাঠের রেফারিকে। এমন নয় যে রেফারি অসুস্থ ছিলেন। ম্যাচের প্রথমার্ধে খেলোয়াড়দের সঙ্গে কখনও অসংলগ্ন আচরণ, কখনও অদ্ভুত সব কার্ড দেখান। শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিযোগের মুখে বিরতির পর মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় রেফারিকে। রেফারির বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনা করছিলেন!

বুধবার (২৫ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর এক ম্যাচে ঘটেছে এমন ঘটনা।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল স্বাগতিক আল জাজিরা ও ইরানের গোল গোহর। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন সিরিয়ার ৩৭ বছর বয়সী রেফারি হান্না হাত্তাব।

প্রথমার্ধে হাত্তাবের মধ্যে ঝিমুনির লক্ষণ দেখা যায় বলে অভিযোগ। খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তার সময়ও তার মধ্যে মনোযোগের অভাব ছিল। একের পর এক বিতর্কিত, এমনকি বিস্ময়কর কিছু সিদ্ধান্ত নেওয়ায় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ তার ম্যাচ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।

জাজিরার গোলকিপার এরসিন দেস্তানোগলুকে অকারণে হলুদ কার্ড দেখানোর ঘটনাটি ছিল বিস্ময়কর।

ভিডিওতে দেখা যায়, আল জাজিরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিলসন গোল গোহরের সোহেইল সাহরেইকে কঠিন ট্যাকল করেন। রেফারি হাত্তাব ফাউল দেন। আহত সাহরেইয়ের অবস্থা দেখতে কিছুক্ষণ থামেন রেফারি। কিছুক্ষণ আলোচনার পর আল জাজিরার গোলকিপার দেস্তানোগলুকে ডেকে হলুদ কার্ড দেখান হাত্তাব।

হাত্তাব এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এলিট রেফারিদের প্যানেলে আছেন। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

শেষ পর্যন্ত অবশ্য হাত্তাবের বিরুদ্ধে মদ্যপ থাকার অভিযোগ নিশ্চিত হওয়া যায়নি।

/টিই/