শিরোনাম

চীনে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ২২, নিখোঁজ ২০

সিটিজেন ডেস্ক
চীনে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ২২, নিখোঁজ ২০

চীনের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম বুধবার (২০ মে) এ হতাহতের খবর নিশ্চিত করেছে।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ি অঞ্চল হুনান প্রদেশে ৫ জন নিহত এবং ১১ জন নিখোঁজ হয়েছেন। বন্যায় এ প্রদেশের একটি কাউন্টিতেই ৬১ হাজার ৫০০ এর বেশি মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝি অঞ্চলে শনিবার (১৬ মে) প্রবল স্রোতে একটি ট্রাক উল্টে গিয়ে ১০ জনের মৃত্যু হয়।

প্রতিবেশী গুইঝৌ প্রদেশেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৪ জন প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। এছাড়া মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি তিনজনের মৃত্যু ও চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে হুনান, গুইঝৌ ও হুবেই প্রদেশ থেকে ইতোমধ্যে প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত ৫টি অঞ্চলের ত্রাণ সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে ১২ কোটি ইউয়ান (প্রায় ১ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া গুইঝৌ প্রদেশের জন্য অতিরিক্ত আরও ৩ কোটি ইউয়ান দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতেও এ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জলবায়ুবিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্বজুড়েই এমন চরম আবহাওয়ার তীব্রতা ও প্রবণতা বাড়ছে। উল্লেখ্য, গ্রিনহাউস গ্যাস নির্গমনে চীন বিশ্বে শীর্ষে থাকলেও, ২০৬০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ অর্থনীতি গড়ার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতেও দেশটি নেতৃত্ব দিচ্ছে।

সূত্র: সিএনএ

/এমএকে/