সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান কিম জং উনের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান কিম জং উনের
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন

উত্তর কোরিয়ার সামরিক কমান্ডারদের নিজেদের ইউনিটগুলোকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। কোরিয়ান পিপলস আর্মির কোম্পানি নেতাদের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি যুদ্ধ প্রস্তুতির ওপর জোর দেন। বুধবার (২৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

কিম জং উন বলেন, কোম্পানি কমান্ডারদের প্রধান বৈপ্লবিক কাজ হলো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হতে তাদের ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করা এবং এটি বাস্তবায়নের উপায় হলো কঠোর ও নিবিড় প্রশিক্ষণে আমূল উন্নতি সাধন করা।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা আরও বলেন, কমান্ডাররা যেন দৃঢ় বিপ্লবী বিশ্বাস, দেশপ্রেম, বীরত্বপূর্ণ মনোবল এবং দক্ষতার মাধ্যমে নিজেদের কোম্পানিগুলোকে গৌরবময় সাফল্যের মাধ্যমে ওয়ার্কার্স পার্টি এবং বিপ্লবের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করেন।

উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী অসামরিকীকৃত অঞ্চলে ২১ সেপ্টেম্বর ঘটে যাওয়া এক বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিনজন সেনা আহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনার মধ্যেই এ কড়া বার্তা দিলেন কিম।

ওই ঘটনায় শুরু থেকেই পিয়ংইয়ংকে দায়ী করে আসছে সিউল। তবে একই সঙ্গে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা দ্বিপাক্ষিক সামরিক আলোচনা পুনরায় শুরুর তাগিদও দিয়েছে। অন্যদিকে পিয়ংইয়ং সিউলের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং আলোচনার প্রস্তাবকেও পাত্তা দেয়নি। এ নিয়ে ইতোমধ্যে দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলাদা চিঠি পাঠিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/