ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক

দীর্ঘদিনের তিক্ততা আর সাম্প্রতিক সামরিক সংঘাতের বরফ গলিয়ে অবশেষে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের এক কেন্দ্রীয় মন্ত্রী। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে বসতে যাচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সিভিলাইজেশনাল ডায়ালগ’। এ আয়োজনে ইসলামাবাদের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক।

শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সফরের খবরটি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) কাঠামোর আওতায় পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিভিন্ন দেশের মধ্যে সংলাপ এবং জনগণের মধ্যে মেলবন্ধন জোরদার করতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটে মুসাদ্দিক মালিকের এ সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালের মে মাসে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে ৪ দিনের এক রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল। সেই ভয়াবহ উত্তেজনার পর ইসলামাবাদের কোনো মন্ত্রীর এটাই প্রথম ভারত সফর। এর আগে সর্বশেষ ২০২৩ সালের মে মাসে এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতে গিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই পারমাণবিক শক্তিধর এ দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন লেগেই আছে। আর এ বৈরিতার মূল কেন্দ্রে সব সময়ই ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর, যে অঞ্চলটিকে উভয় দেশই নিজেদের বলে দাবি করে।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/