শিরোনাম

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে না পাকিস্তান

সিটিজেন ডেস্ক
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে না পাকিস্তান
আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করেছে পাকিস্তান।

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বা আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাকিস্তান। ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পাকিস্তানসহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে এ আঞ্চলিক চুক্তিতে অন্তর্ভুক্ত করার আহ্বানের পর ইসলামাবাদের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। ইসহাক দার বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েল বিষয়ে পাকিস্তানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এ সময় তিনি পাকিস্তানের চুক্তিতে যোগদানের বিষয়ে ছড়ানো সব ধরনের প্রতিবেদন ও গুজব ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে উল্লেখ করেন, চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অংশ হিসেবে পাকিস্তান, সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো দেশগুলোর এ বর্ধিত আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়া উচিত। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ মধ্যপ্রাচ্যের একাধিক প্রভাবশালী নেতার সঙ্গে আলোচনার পর ট্রাম্প এ মন্তব্য করেছিলেন। মূলত ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এই আব্রাহাম চুক্তির যাত্রা শুরু হয়, যেখানে পরবর্তীতে মরক্কো ও সুদানও যোগ দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সংকট নিরসনে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি বজায় রাখতে পাকিস্তান বর্তমানে উপসাগরীয় দেশ, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও ইসরায়েল প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরেনি ইসলামাবাদ। ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানে ফিলিস্তিন ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল। দেশটির মূলধারার রাজনৈতিক দল, ধর্মীয় গোষ্ঠী এবং সাধারণ জনগণ ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা ছাড়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তীব্র বিরোধী এবং গাজায় চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে সেখানে নিয়মিত বড় ধরনের গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে।

সূত্র: আরব নিউজ

/এমএকে/