শিরোনাম

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর বাড়িঘর কাদায় ঢেকে গেছে। ছবি: সিএনএন

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংশোধিত এ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন।

উদ্ধারকারী দল এখন পর্যন্ত বিভিন্ন জেলা থেকে মরদেহ উদ্ধার অব্যাহত রেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চিতওয়ান থেকে ১০৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ৬২টি, ধাডিংয়ে ২৭টি, গোর্খায় ২০টি, রাসুয়ায় ১৭টি, পশ্চিম নওয়ালপরাসিতে ১৫টি, নুয়াকোটে ১২টি এবং তানাহুনে ৯টি লাশ পাওয়া গেছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান বলছে, স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক মিলিয়ে অন্তত ৮২৬ জন এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। নিখোঁজদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং নেপাল সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য রয়েছেন। এ ছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ৬৪৪ জন পর্যটকের মধ্যে ৫১৭ জনই বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি।

ভারী বৃষ্টিপাতের পর পাহাড়ি ঢল রাসুয়া ও সংলগ্ন এলাকা পেরিয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী দিয়ে তীব্র বেগে ধেয়ে আসে। প্রলয়ংকারী এ স্রোত ভাসিয়ে নিয়ে গেছে বহু ঘরবাড়ি, সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী একযোগে তল্লাশি, উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

সূত্র: কাঠমুণ্ডু পোস্ট

/এমএকে/