মহানবীকে কটূক্তি করা লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড বাতিল সৌদির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মহানবীকে কটূক্তি করা লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড বাতিল সৌদির
অঞ্জন শিবারাসা

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় শ্রীলঙ্কার এক যুবককে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হেমাচন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, অঞ্জন শিবারাসা নামের ওই লঙ্কান যুবক জুলাই মাসে ফেসবুকে একটি সংবেদনশীল ভিডিওর নিচে বিতর্কিত মন্তব্য করেন। জানা যায়, হিন্দুদের একটি মিছিলে এক মুসলিম ব্যক্তির কুকুরকে লাথি মারার ভিডিওতে জনৈক ব্যক্তি হিন্দু দেবী সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন। তারই জবাবে ওই শ্রীলঙ্কান যুবক তামিল ভাষায় মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তি করেন। যদিও বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত সেটি মুছে ফেলেন। কিন্তু ততক্ষণে কেউ একজন সেটির স্ক্রিনশট নিয়ে নেন। পরবর্তীতে সেই স্ক্রিনশট পৌঁছায় তার চাকরিদাতার হাতে। চাকরিদাতা বিষয়টি পুলিশকে জানালে গত জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রথমে আল-আহসার একটি নিম্ন আদালত ওই যুবককে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ রিয়াল জরিমানা করেছিলেন। গত ১৭ সেপ্টেম্বর সৌদি প্রসিকিউটররা এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। মামলাটিকে সাইবার অপরাধ আইনের বদলে শরিয়া আইনে বিচারের আর্জি জানান। এর ভিত্তিতেই পরে সাজা বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ছেলের প্রাণের ভিক্ষা চেয়ে আকুতি জানান অঞ্জন শিবারাসার মা। পাশাপাশি শ্রীলঙ্কা সরকারও সৌদি প্রশাসনের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করে। ধারণা করা হচ্ছে, মায়ের মানবিক আবেদন এবং শ্রীলঙ্কা সরকারের জোরালো যোগাযোগের কারণেই সৌদির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় রদ করেছেন।

মৃত্যুদণ্ড মওকুফ হলেও সুপ্রিম কোর্ট তাকে নতুন কী সাজা দিয়েছেন, তা পুরোপুরি স্পষ্ট নয়। অঞ্জন শিবারাসার আইনি প্রক্রিয়ায় যুক্ত থাকা লঙ্কান আইনজীবী ফাইজার মুস্তাফা বিবিসি সিনহালাকে নিশ্চিত করেছেন, মৃত্যুদণ্ড বাতিলের বিষয়টি নিশ্চিত হলেও নতুন দণ্ডাদেশ কী দেওয়া হয়েছে, তা জানার চেষ্টা করছেন তারা।

সূত্র: বিবিসি

/এমএকে/