মিয়ানমারে বাজারে হামলা, নিহত ৪৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মিয়ানমারে বাজারে হামলা, নিহত ৪৯
হামলার পর ধ্বংসস্তুপ

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি ব্যস্ত বাজারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। এতে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮ জন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আরাকান আর্মির নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে এ হামলা চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় এক ত্রাণকর্মী এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই আরাকান আর্মি রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সেখানে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।

এলাকায় কাজ করা এক ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেছেন, ‘কিয়াউকতাও শহরটি যুদ্ধের এলাকা থেকে বেশ দূরে। সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। এরপর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এবং অনেক এলাকা দখলও করেছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স বিমান হামলার ঘটনা ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এটি রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। গত বছরের ডিসেম্বরে রাজ্যের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে বিমান হামলা চালায় সরকারি বাহিনী। ওই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, এনবিসি

/জেএইচ/