বিষাক্ত কালো ধোঁয়ায় বন্ধ মালয়েশিয়ার স্কুল, উৎস ইন্দোনেশিয়ার দাবানল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিষাক্ত কালো ধোঁয়ায় বন্ধ মালয়েশিয়ার স্কুল, উৎস ইন্দোনেশিয়ার দাবানল
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় দূষিত মালয়েশিয়া

ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলের স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সাইদেক এক বিবৃতিতে জানিয়েছেন, আমি রাজ্যের সকল শিক্ষা বিভাগ এবং জেলা শিক্ষা অফিসগুলোকে ধোঁয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে এবং প্রয়োজন হলে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, মোট পাঁচটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে স্কুলগুলো আংশিক বা পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে হঠাৎ স্কুল বন্ধের ঘোষণায় অভিভাবকদের যেন সমস্যায় পড়তে না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে স্কুল বন্ধের সিদ্ধান্ত আগে থেকেই জানিয়ে দেওয়া হবে, যাতে অভিভাবকরা প্রস্তুতির নিতে পারেন।

আন্তর্জাতিক বায়ু-গুণমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, কুয়ালালামপুরের বাতাসের বর্তমান অবস্থা খুবই শোচনীয় এবং তা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম বৃহস্পতিবার (৮ অক্টোবর) বলেছেন, এপিআই-এর মাত্রা ১৫০ বা তার বেশি হলেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া উচিত। সাধারণ নিয়মে, ২০০-এর বেশি মাত্রা অত্যন্ত অস্বাস্থ্যকর, ৩০০-এর ওপরে বিপজ্জনক এবং ৫০০-এর বেশি মাত্রা হলে স্থানীয় জরুরি অবস্থা জারির নিয়ম রয়েছে।

এ সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মত হয়েছেন।

সূত্র: ডয়েচ ভেলে

/এমএকে/