শিরোনাম

ইন্দোনেশিয়ায় জাহাজডুবির ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১২৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইন্দোনেশিয়ায় জাহাজডুবির ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১২৯
‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ জাহাজটি জাভা সাগরে ডুবে যায়

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার পর এখনো নিখোঁজ রয়েছেন ১২৯ জন। এ দুর্ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খারাপ আবহাওয়ার কবলে পড়ে রবিবার (১৩ সেপ্টেম্বর) ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর পরপরই উদ্ধার অভিযান চালিয়ে ১০৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

উদ্ধার তৎপরতা সম্পর্কে বানজারমাসিন উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা জানান, নিখোঁজদের সন্ধানে ভোর থেকেই অভিযান চলছে। এ অভিযানে বর্তমানে ৬২২ জন উদ্ধারকর্মী ও প্রায় ১২টি নৌযান মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনই রয়েছে।

কীভাবে এ দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে জাতীয় উদ্ধার সংস্থার কর্মকর্তা এডি প্রাকোসো জানান, শক্তিশালী ঢেউ জাহাজটির ডান পাশে আঘাত করলে সেটি একদিকে হেলে পড়ে। পরবর্তীতে একটি হেলিকপ্টার সেটিকে উল্টে যেতে দেখে। বর্তমানে ঠিক কী কারণে জাহাজটি দুর্ঘটনার শিকার হলো, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/