ভারী বৃষ্টি ও বন্যায় আবারও বিপর্যস্ত নেপাল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারী বৃষ্টি ও বন্যায় আবারও বিপর্যস্ত নেপাল
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

মাত্র এক মাস আগের ভয়াবহ বিপর্যয়ের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই আবারও প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখলো নেপাল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষণে দেশটির জনজীবন আবারও চরম সংকটে পড়েছে।

নতুন করে শুরু হওয়া প্লাবন ও ভূমিধসে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা, আর যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। এক মাস আগে নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছিল এবং এখনও পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সেই শোক কাটিয়ে ওঠার আগেই শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রূপন্দেহী জেলার তিনাউ নদী বিপৎসীমা অতিক্রম করে। এর ফলে বুটওয়াল এলাকায় নদী তীরবর্তী ছ’টি বাড়ি পুরোপুরি ভেসে যায়। তবে প্রশাসনের তৎপরতায় সময়মতো প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

এদিকে চিতবন জেলায় নারায়ণী ও রিইউ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ধসের কারণে চিতবন, মুগু ও কালিকোট অঞ্চলের বেশ কয়েকটি মহাসড়ক এবং সংযোগকারী পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। কার্নালী প্রদেশের নদীগুলোতেও পানি বাড়ার প্রবণতা বেশ আশঙ্কাজনক। নওয়ালপরাসী পশ্চিম এবং সপ্তরী জেলায় ইতোমধ্যে চার শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। এ লাগাতার দুর্যোগের তীব্রতা বাড়তে থাকায় নেপাল প্রশাসন পাহাড় ও নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সূত্র: টেলিগ্রাফ

/এমএকে/