শিরোনাম

নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
উদ্ধার হওয়া চীনা নাগরিককে সুড়ঙ্গ থেকে বের করে আনছেন নেপালের উদ্ধার কর্মীরা

নেপালে আকস্মিক বন্যার ১০ দিন পর কাদামাটিতে বন্ধ হয়ে যাওয়া এক সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক চীনা নাগরিককে। শনিবার (৫ সেপ্টেম্বর) আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করে যৌথ উদ্ধারকারী দল। সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার গভীরে আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে গেছেন লুহাইতো নামের ওই ব্যক্তি।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত জানান, সেনাবাহিনী ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি টিম সুড়ঙ্গের একেবারে গভীর থেকে তাকে বের করে আনে। বর্তমানে তাকে হাসপাতালে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুযোগের এত দিন পরও আশা হারাচ্ছেন না উদ্ধারকারীরা। একই দিনে নেপালের বেত্রবতী এলাকায় কাদামাটিতে প্রায় তলিয়ে যাওয়া একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে চান্দিকা শ্রেষ্ঠা নামের ৬০ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে শুক্রবারও (৪ সেপ্টেম্বর) বিপর্যয়ের নয় দিন পর ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে সঞ্জয় শাহ ও কবির মহারাজন নামে দুজনকে জীবিত বের করে আনা হয়। তাদের মধ্যে সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী।

নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

২৬ আগস্টের হিমবাহধসের পর নেমে আসা পাহাড়ি ঢলে নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৩৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বহু মানুষ নিখোঁজ এবং সুড়ঙ্গের ভেতরে আটকে আছেন অনেকে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

/এমএকে/