সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক

গত বছর তীব্র ও রক্তক্ষয়ী সংঘাতের পর এ প্রথম পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি ভারতে গেলেন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করছেন। সেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন বলে নিশ্চিত করেছে ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

চার দিনব্যাপী সম্মেলনের মূল লক্ষ্য হলো এ অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাও এর অন্যতম উদ্দেশ্য। ১০ সদস্যের এ আঞ্চলিক জোটের ‘সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে এলেন। অবশ্য ২০২৪ সালে এসসিওর একটি বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসলামাবাদ সফর করেছিলেন।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত ও পাকিস্তান একাধিকবার যুদ্ধে জড়িয়েছে, যার মূলে রয়েছে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীর। উভয় দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে আসছে। এ বিরোধের জেরে ২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানা ৪ দিনের সংঘাত ছড়িয়ে পড়ে। নয়াদিল্লি ওই হামলার পেছনে ইসলামাবাদের মদদ থাকার অভিযোগ তুললেও পাকিস্তান তা বরাবরই অস্বীকার করে এসেছে। ওই সময় দুই পক্ষের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের অন্তত ৭০ জন প্রাণ হারান।

দুই দেশের মধ্যকার এ শীতল সম্পর্কের উত্তাপ এখনো কমেনি। পাকিস্তানের মন্ত্রী মালিকের দিল্লি সফরের মাত্র দুই দিন আগেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট নিহত হন। জাতিসংঘের তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীটিকে পাকিস্তানভিত্তিক বলে দাবি করে আসছে ভারত। এমনকি দুই দেশের এ রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে খেলার মাঠেও। চলতি বছর ভারতে আয়োজিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের জাতীয় দল প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/