প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। মার্চে ক্ষমতায় বসার পর প্রতিবেশী কোনো দেশে এটিই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর। এর আগে অবশ্য সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

সফরকে সামনে রেখে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানিয়েছেন নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই। তিনি জানান, ৩৬ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল। দলে অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যঞ্জনকারসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকছেন।পাশাপাশি আলাদা একটি ব্যবসায়িক প্রতিনিধি দলও ভারত সফরে যাবে।

দিল্লিতে অবস্থানকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন বালেন্দ্র শাহ। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ সফরে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা বাড়ানো এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসেবে চলমান বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাণিজ্য, ট্রানজিট ও বিনিয়োগ বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোও উচ্চপর্যায়ের এই বৈঠকে জায়গা পাবে।

এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকের পর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের মতো খাতে বেশ কিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই বলেন, এটি দুই দেশের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে সহায়তা করবে। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক নিয়েই কথা বলবেন, যা দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সাহায্য করবে।

দু দিনের সরকারি সফর শেষ করে ২৩ নভেম্বর কাঠমান্ডু ফিরবেন নেপালের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-দের তীব্র আন্দোলনের মুখে কে পি শর্মা ওলির সরকারের পতন ঘটে। এর প্রায় ছয় মাস পর গত মার্চে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতার নেতৃত্বে নেপালে নতুন সরকার গঠিত হয়।

নেপালের রাজনীতিতে নতুন প্রধানমন্ত্রীদের প্রথম বিদেশ সফরে ভারতে যাওয়ার একটি পুরনো রেওয়াজ রয়েছে। যদিও এটি কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, তবুও দীর্ঘদিন ধরেই তা চলে আসছে। তবে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ওলি সেই প্রথা ভেঙে সবার আগে চীন সফরে গিয়েছিলেন।

সূত্র: এনডিভি

/এমএকে/