ইরানে ‌আবারও হামলার প্রশ্নে কৌশলী অবস্থান ভ্যান্সের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানে ‌আবারও হামলার প্রশ্নে কৌশলী অবস্থান ভ্যান্সের
হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প, ভ্যান্স ও রুবিও

ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা নিয়ে সরাসরি কোনো কথা বলেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের নাগাল থেকে দূরে রাখা জরুরি হলেও শেষ কথা বলবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নিজের জায়গা হলো প্রেসিডেন্টের পাশে থাকা। অন্যদিকে, প্রয়োজন পড়লে ইরানের ওপর আবারও চড়াও হওয়ার আভাস দিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক নির্বাচনের পর রিপাবলিকান শিবিরের ভেতরে ইরান যুদ্ধ ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা এ ঘটনায় আবার সামনে এল।

শুক্রবার (২০ নভেম্বর) সাংবাদিকদের ইরানের বিপক্ষে নতুন সংঘাতে জড়াবেন কি না- এমন প্রশ্ন এড়িয়ে যান ভ্যান্স। বরং সিদ্ধান্তের ভার পুরোপুরি ট্রাম্পের কাঁধে চাপিয়ে দিয়েছেন তিনি। ভ্যান্স জানান প্রেসিডেন্টকে সমর্থন দেওয়াই তার দায়িত্ব।

হোয়াইট হাউসে ট্রাম্পের পাশেই দাঁড়িয়ে ছিলেন ভ্যান্স। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি যা বলেছি তা হলো- ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটিই হলো রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, অথবা-ঈশ্বর না করুন- তারা আক্রমণ চালিয়ে হাজার হাজার, এমনকি হয়তো লাখ লাখ নিরাপরাধ মানুষকে হত্যা করতে পারে। তিনি আরও বলেন, আমার মতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল প্রেসিডেন্টের। আর প্রেসিডেন্ট নিজেই বলেছেন, প্রয়োজনে তিনি আবারও এমন পদক্ষেপ নেবেন। আমার লক্ষ্য এবং দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।

নির্বাচনের দিন রিপাবলিকানদের বড় ধাক্কা খাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়েছিলেন ভ্যান্স। শুক্রবার ট্রাম্প সে পোস্ট নিয়ে কথা বলেন। তার মতে, ভ্যান্সের ওই লেখা ছিল খুবই যথার্থ এবং এ নিয়ে তার কোনো ক্ষোভ নেই। তবে ট্রাম্পের বক্তব্যে এটাও স্পষ্ট ছিল, ভ্যান্স চাইলে ভিন্ন সুরে কথা বলতে পারতেন- অর্থাৎ, দরকার হলে আবারও যুদ্ধে যাওয়ার পক্ষে সায় দিতে পারতেন।

এদিকে, চলতি মাসের শুরুতেই ভ্যান্সকে ইরান সংক্রান্ত আলোচনা থেকে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প তাকে নির্দেশ দেন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্য ও শহরগুলোর কথিত অপরাধ ও দুর্নীতি দমনে মনোযোগ দিতে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/