আমি হয়তো ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করে নিতে পারি, মজা করে বললেন পিল্লাই

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আমি হয়তো ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করে নিতে পারি, মজা করে বললেন পিল্লাই
নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনবিদ নাভানেথাম নাভি পিল্লাই। নুরেমবার্গ ট্রায়ালসের একটি অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে থাকার সময়ই তিনি নোবেল জয়ের খবর পান।

ঠিক সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি-জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড। ভিডিওটির সঙ্গে ক্যালামার্ড লিখেছেন, একটি অবিশ্বাস্য মুহূর্ত। নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। আমরা বর্তমানে নুরেমবার্গ ট্রায়ালসের অনুষ্ঠানে একসঙ্গে আছি। এ পুরস্কারের জন্য এর চেয়ে শক্তিশালী প্রতীক আর কিছু হতে পারে না। আমরা সবাই অত্যন্ত আনন্দিত।

নোবেল পাওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের কাজের পেছনের গল্পগুলো মনে করছিলেন পিল্লাই। সম্প্রতি গাজার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ কাজের জন্য অনেকেই যখন তার সাহসিকতার প্রশংসা করছেন, তখন পিল্লাইয়ের প্রতিক্রিয়া ছিল বেশ অন্যরকম। তিনি প্রশ্ন তোলেন, সত্য কথা বলতে আবার সাহসিকতার প্রয়োজন হবে কেন?

আর ঠিক এর পরেই উপস্থিত লোকজনকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দারুণ এক রসিকতা করেন তিনি। এর আগে বিভিন্ন সংঘাত নিরসনে অবদানের কথা বলে পাকিস্তান, ইসরায়েল ও কম্বোডিয়া ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছিল। ট্রাম্প নিজেও একাধিকবার দাবি করেছেন তিনি এ পুরস্কার পাওয়ার যোগ্য। সেই প্রসঙ্গটি সামনে এনে পিল্লাই হাস্যরসের সুরে বলেন, আপনারা যদি আরও একটু বেশি হাততালি দেন, তবে আমি হয়তো এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি!

সূত্র: বিবিসি

/এমএকে/