শিরোনাম

পোল্যান্ডে ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
পোল্যান্ডে ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন সেনাবহর। ছবি: ব্লুমবার্গ

ইউরোপে সামগ্রিক সেনা উপস্থিতি কমানোর ইঙ্গিতের মধ্যে পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে।

বৃহস্পতিবার (২১ মে) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোকির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নাওরোকিকে সমর্থন দিয়েছিলেন তিনি। তবে এ অতিরিক্ত সেনা মোতায়েন আগের পরিকল্পনার অংশ কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

শুক্রবার (২২ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের কার্যক্রমে কিছু ন্যাটো মিত্রদের সাড়া নিয়ে প্রেসিডেন্ট হতাশ। তবে অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। এর প্রমাণ হলো পোল্যান্ডের এ ঘোষণা।

রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিশ্রুতি রয়েছে যা সেনা মোতায়েনের মাধ্যমে পূরণ করতে হয় এবং এর জন্য নিয়মিত পুনর্মূল্যায়ন প্রয়োজন। এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়।

কোনো ন্যাটো দেশে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র তার মোট সেনা সংখ্যা কমাতে পারে বলে যে অসমর্থিত খবর রয়েছে, সে বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে রুবিও জানান, শীর্ষ সম্মেলনে এসব নিয়ে আলোচনা হবে।

এর আগে চলতি মাসেই, ইরানের সাথে যুদ্ধ নিয়ে ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের মধ্যে টানাপোড়েনের জেরে জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইরানি আলোচকদের হাতে যুক্তরাষ্ট্র অপমানিত হয়েছে বলে মের্জের মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। পোল্যান্ডে মোতায়েন হতে যাওয়া অতিরিক্ত সেনারা জার্মানি থেকে প্রত্যাহার করা সেনাদের অংশ কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে, জার্মানি থেকে সেনা প্রত্যাহারের ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা। তাদের মতে, এটি রাশিয়ার কাছে একটি ভুল বার্তা দিতে পারে।

বর্তমানে ইউরোপের মধ্যে জার্মানিতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি রয়েছে, যেখানে সক্রিয় সেনার সংখ্যা ৩৬ হাজারের বেশি। এর তুলনায় ইতালিতে ১২ হাজার এবং যুক্তরাজ্যে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/