শিরোনাম

মেহেরপুর সীমান্তে ৫৩৭৫ লিটার তেলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সীমান্তে ৫৩৭৫ লিটার তেলসহ ব্যবসায়ী গ্রেপ্তার
জব্দকৃত জ্বালানি তেল। ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ এপ্রিল) সকালে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা ডিবির একটি যৌথ দল অংশ নেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালায় পুলিশ। এ সময় গুদাম থেকে মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল।

অভিযান শেষে গুদাম মালিক আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়।

ওসি হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ‘লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুতেরর অভিযোগে গুদাম মালিক আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা তেল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে।’

/এফআর/জেএইচ/