শিরোনাম

৩ বিভাগে কালবৈশাখীর শঙ্কা

সিটিজেন ডেস্ক
৩ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
ঝড়। ছবি: সংগৃহীত

দেশের তিন বিভাগে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময়ে কমে ২৫ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।

/জেএইচ/