বিএনপির কর্মসূচিতে বাজলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিএনপির কর্মসূচিতে বাজলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
মাইকে বাজানো হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। পাশে সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা চলাচল করছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে এ কর্মসূচির অংশ হিসেবে নগরের আগ্রাবাদ এলাকায় মাইকে বাজানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে আগ্রাবাদ এলাকায় মাইকে গান প্রচারের সময় ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজতে শোনা যায়। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে গানটি লেখা।

পুলিশ বলছে, অসতর্কতাবশত বিএনপির কর্মসূচিতে গানটি বেজে উঠেছিল। তবে নগর বিএনপির নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি তাঁদের নজরে এলেও ঘটনার বিস্তারিত তারা জানেন না।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাঁদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে একের পর এক দলীয় গান বাজানো হচ্ছিল। এর মধ্যে অসতর্কতাবশত ওই গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি বলে আয়োজকেরা জানিয়েছেন।

চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সারা দিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন। তবে কারা গানটি বাজিয়েছেন, তা খোঁজ নিয়ে দেখবেন।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে বিএনপির কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

/এমআর/