রিমান্ড শেষে কারাগারে তাহসিফ সৌরির ‘বন্ধু’ দীপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রিমান্ড শেষে কারাগারে তাহসিফ সৌরির ‘বন্ধু’ দীপ
আদালতে আহমেদ শাহরিয়ার রেজা দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

আটক রাখার আবেদনে বলা হয়েছে, ৩ দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে আহমেদ শাহরিয়ার রেজা দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন।

এতে বলা হয়েছে, ঘটনার আগে তাহসিফ সাউরি, আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশাকে একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও রেস্টুরেন্টে যেতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্টসহ এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, মৃত্যুর আগে সর্বশেষ তাহসিফকে দীপ ও দিশার সঙ্গে দেখা গেছে। এতে মামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে দীপকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের কবরী ভবনের নিচে থাকা সিসিটিভি ফুটেজে তাহসিফকে দেখা যায়। বাসা থেকে বেরিয়ে তিনি তার এলাকার পূর্বপরিচিত শাহরিয়ার রেজা দীপের সঙ্গে কুশল বিনিময় করেন। কিছুক্ষণ পর নষ্ট মোটরসাইকেলটি ঠেলে নিয়ে আসেন। পরে মোটরসাইকেলটি চালু করে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে দীপকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন তিনি।

এরপর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার (২৮ অক্টোবর) উত্তরখানের তুরাগ নদীর রাজবাড়ী ঘাট এলাকায় কচুরিপানার নিচে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

উদ্ধারের সময় মরদেহের পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনে একটি কল আসার পর পরিচয় শনাক্তের সূত্র পাওয়া যায়। পরে জানা যায়, মরদেহটি নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ৩১ অক্টোবর প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তী সময়ে গত ৩ নভেম্বর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া গত ১ নভেম্বর এই মামলায় আরেক আসামি জেরিকা তাসনিম দিশার চারদিন ও গত ৪ নভেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

/এসবি/