কৃত্রিম বুদ্ধিমত্তার ভীতি উড়িয়ে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার ভীতি উড়িয়ে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর তদারকিতে ‘এআই ফোর্স’ নামে একটি বিশেষ বাহিনী এবং একজন ‘এআই জার’ নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া ঘোষণায় তিনি জানান, বিশ্বজুড়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা এআই-এর ঝুঁকি নিয়ে যতই সতর্কবার্তা দিন না কেন, তিনি এর বিকাশ কোনোভাবেই ধীর করতে চান না। বরং চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এ প্রযুক্তির আরও দ্রুত প্রসার চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এআই ফোর্স গঠন করছি। প্রথম মেয়াদে যেমন স্পেস ফোর্স গঠন করেছিলাম, এটিও তেমন হবে। স্পেস ফোর্স ব্যাপক সফলতা পেয়েছে। এ উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে আমি এআই জার নিয়োগের ঘোষণা দেব। যাদের আইকিউ অনেক বেশি, শুধু তারাই আবেদন করবেন!’ ট্রাম্পের এ নীতি নিয়ে খোদ তার দল রিপাবলিকান পার্টির অনেক নেতাকর্মীও জননিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং কাজটা সাবধানে বা ধীরগতিতে করার আহ্বান জানিয়েছেন।

প্রযুক্তি খাতের কিছু বিশেষজ্ঞ মনে করেন, এআই মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ট্রাম্প এসব আশঙ্কাকে পাত্তাই দিচ্ছেন না। তার দাবি, এআই নিয়ে যে ভীতি ছড়ানো হচ্ছে, তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। ট্রাম্প লিখেছেন, ‘বছরের পর বছর এ ধরনের অনেক গুজব ছড়ানো হয়েছে। এগুলো সবই উগ্র বামপন্থী ডেমোক্র্যাটদের তৈরি। এর উদ্দেশ্য আমাদের দেশকে ধ্বংস করা।’

এআই নিয়ে বর্তমান আশঙ্কার প্রসঙ্গ টেনে ট্রাম্প এটিকে একটি নতুন চক্রান্ত বা ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রশাসন কোনোভাবেই এ সম্ভাবনাময় শিল্পের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে না। তবে কেউ যদি এআইয়ের অপব্যবহার বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত দেওয়ানি ও ফৌজদারি আইনেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/