শিরোনাম

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ছবি: আরব নিউজ

ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের মুখে নিজেদের গোলাবারুদের মজুত সুরক্ষিত রাখতে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটের প্রতিরক্ষা বিষয়ক বরাদ্দ উপকমিটির এক অধিবেশনে বৃহস্পতিবার (২১ মে) এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও। তিনি আইনপ্রণেতাদের জানান, ‘এপিক ফিউরি’ অভিযানের জন্য প্রয়োজনীয় গোলাবারুদের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেই ওয়াশিংটন এই মুহূর্তে অস্ত্র সরবরাহে সাময়িক বিরতি দিচ্ছে।

নৌবাহিনী সচিব আরও উল্লেখ করেন, স্থগিতাদেশ দেওয়া হলেও যাবতীয় প্রক্রিয়া যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রশাসন প্রয়োজন মনে করলে এ অস্ত্র বিক্রি আবারও চালু হতে পারে। তবে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে পরবর্তী যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও দুই পক্ষ এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি, যার ফলে ওই অঞ্চলে এখনো উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন কংগ্রেস গত জানুয়ারি মাসে তাইওয়ানের জন্য এই বিশাল অস্ত্র প্যাকেজটি অনুমোদন করলেও এটি কার্যকর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন। বেইজিংয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অস্ত্র বিক্রির বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল। পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই জানান, তিনি এই প্যাকেজটি অনুমোদন করতেও পারেন, আবার নাও করতে পারেন। চীন শুরু থেকেই স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং তাইপের প্রতি ওয়াশিংটনের যেকোনো সামরিক সমর্থনের তীব্র বিরোধিতা করছে।

যুক্তরাষ্ট্রের এ আকস্মিক সিদ্ধান্তে তাইওয়ানের রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হলেও দেশটির প্রধানমন্ত্রী চো জুং-তাই সাংবাদিকদের জানিয়েছেন, তাইওয়ান তাদের অস্ত্র ক্রয় প্রক্রিয়া অব্যাহত রাখবে। তবে ক্রাইসিস গ্রুপের উত্তর-পূর্ব এশিয়া বিষয়ক সিনিয়র বিশ্লেষক উইলিয়াম ইয়াং এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেছেন, অস্ত্র বিক্রির এ স্থগিতাদেশ তাইওয়ানের প্রতি মার্কিন সমর্থন নিয়ে বড় ধরনের সংশয় ও উদ্বেগ তৈরি করবে। এর ফলে অদূর ভবিষ্যতে তাইওয়ান সরকারের পক্ষে নতুন করে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট পাস করানো বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/