শিরোনাম

মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

সিটিজেন ডেস্ক
মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমান দুটি বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় রবিবার (১৭ মে) বিকালে আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’র দ্বিতীয় ও শেষ দিনে এই দুর্ঘটনা ঘটে।

তবে বিমানে থাকা মোট চারজন ক্রুর সবাই প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি যুদ্ধবিমান আকাশে প্রদর্শনী করার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার আগেই ক্রু সদস্যরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তারা আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সামরিক ঘাঁটির বিশেষ জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঝআকাশে বিমান দুটির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হওয়ার পর সেগুলো দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়ছে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। একই সময়ে বিমান থেকে চার ক্রুকে ইজেক্ট করে প্যারাশুট নিয়ে ধীরে ধীরে নিচে আসতে দেখা গেছে।

মার্কিন আরেকটি শীর্ষ সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর গানফাইটার স্কাইজ এয়ার শোর বাকি সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে পুরো সামরিক ঘাঁটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছে।

দুর্ঘটনার প্রকত কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গানফাইটার স্কাইস বিমান প্রদর্শনীটি সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। সে সময়ও এক দুর্ঘটনায় একজন গ্লাইডার পাইলট নিহত হন।

সূত্র: বিবিসি

/জেএইচ/