শিরোনাম

রাশিয়া-চীনে এআই দিয়ে অস্ত্র বানানোর গোপন ছক, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাশিয়া-চীনে এআই দিয়ে অস্ত্র বানানোর গোপন ছক, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিধ্বংসী অস্ত্র তৈরির চেষ্টা রুখে দিয়েছে সান ফ্রান্সিসকোভিত্তিক শীর্ষস্থানীয় এআই ল্যাব ‘অ্যানথ্রপিক’। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত দীর্ঘ সময়ে ইয়েমেন, রাশিয়া এবং চীনে পরিচালিত অন্তত ছয়টি গোপন সামরিক প্রকল্প ও গোয়েন্দা কার্যক্রম নস্যাৎ করে দিয়েছে তারা। ল্যাবটির তৈরি জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’ ব্যবহার করে মূলত এসব মারণাস্ত্র তৈরির পরিকল্পনা করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক প্রতিবেদনে ইয়েমেনভিত্তিক একটি অস্ত্র প্রকৌশল সেলের চাঞ্চল্যকর তৎপরতার বিষয়টি উঠে এসেছে। সেলটি দুই হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ও ‘আর২০০০’ নামের হাইপারসনিক মিসাইলসহ মোট তিনটি ভিন্ন অস্ত্র তৈরির কাজ চালাচ্ছিল।

মানুষের সাহায্য নেওয়ার বদলে উড়ন্ত যান ও রকেট নিয়ন্ত্রণের সফটওয়্যার তৈরির জন্য তারা বেছে নিয়েছিল ‘ক্লড কোড’। এমনকি একটি গাইডেড রকেট পরীক্ষার পর যখন সেটি ব্যর্থ হয়, ঠিক কী কারণে বিপর্যয় ঘটল- তার সুনির্দিষ্ট সমাধান খুঁজতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা আবার ক্লডের শরণাপন্ন হয়েছিল।

বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গেই অ্যানথ্রপিক সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো তৎক্ষণাৎ নিষিদ্ধ করে এবং সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি এড়াতে তাদের অংশীদারদের সতর্কবার্তা পাঠায়।

শুধু ইয়েমেন নয়, চীন ও রাশিয়াতেও এআইয়ের এমন অপব্যবহারের জোরালো প্রমাণ পেয়েছে প্রতিষ্ঠানটি। চীনের পক্ষ থেকে ‘ক্লড’ ব্যবহার করে সাবমেরিন বিধ্বংসী টর্পেডো সিস্টেম এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের সফটওয়্যার তৈরির চেষ্টা চলছিল। মার্কিন অ্যান্টি-টর্পেডো প্রযুক্তির সঙ্গে নিজেদের অস্ত্রের কার্যকারিতা তুলনা করা এবং ডিরেক্টেড-এনার্জি অস্ত্র বিষয়ে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য সংগ্রহেও তারা এআইয়ের সাহায্য নিয়েছিল।

অন্যদিকে, রুশ ভূখণ্ডে স্বয়ংক্রিয় সামরিক ড্রোনের ঝাঁক নিয়ন্ত্রণের জটিল কোড লেখা ও তা পরীক্ষার কাজে ক্লডকে ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ড্রোনের আক্রমণ পরিচালনা, নজরদারি এবং সফলভাবে ঘাঁটিতে ফিরে আসার নিখুঁত আচরণ নিয়ন্ত্রণ করতে তারা এটি ব্যবহার করছিল। পাশাপাশি, বিভিন্ন মিশ্র পণ্য সংগ্রহের পেছনেও রুশরা ক্লডকে ব্যবহার করেছিল, যা সঠিক সময়ে শনাক্ত করে সফলভাবে আটকে দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

/এমএকে/