এফবিআইয়ের ডেটাবেসে আবারও সাইবার হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
এফবিআইয়ের ডেটাবেসে আবারও সাইবার হামলা
এফবিআইয়ের লোগো

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেটাবেসে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে সংস্থাটি। হ্যাকারদের এ হামলায় দেশটির সংবেদনশীল অপরাধমূলক রেকর্ডের নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

তদন্তের সঙ্গে যুক্ত একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হ্যাকাররা এফবিআইয়ের ‘ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার’ বা এনসিআইসি ডেটাবেসে ঢুকে পড়েছে। সারা দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মামলার পরোয়ানা এবং অপরাধীদের পটভূমি যাচাইয়ের তথ্য আদান-প্রদানে এ ডেটাবেস ব্যবহার করে থাকে। চলতি সপ্তাহের শুরুতেই এফবিআই কর্মকর্তারা সিস্টেমে অনুপ্রবেশের বিষয়টি টের পান।

সাম্প্রতিক মাসগুলোতে এফবিআইকে লক্ষ্য করে চালানো এটি দ্বিতীয় বড় সাইবার হামলা। এর আগে সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামের একটি ডিজিটাল চাঁদাবাজ চক্রের কবলে পড়েছিল সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সে সময় চক্রটি এফবিআইয়ের বিপুল সংখ্যক বর্তমান ও সাবেক কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়।

ডার্ক ওয়েবে দেওয়া এক বিবৃতিতে শাইনিহান্টার্স জানিয়েছিল, এফবিআইয়ের একটি সতর্কবার্তার জবাব দিতেই তারা এ হামলা চালিয়েছে। সতর্কবার্তায় এফবিআই সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছিল, এ চক্রের হামলার শিকার হলে কেউ যেন তাদের মুক্তিপণ না দেয়। তবে সেপ্টেম্বরে তথ্য চুরির পর এফবিআইয়ের অনেক কর্মীই জানতে পারেননি যে তাদের তথ্য বেহাত হয়েছে কি না। এমনকি ক্ষতিগ্রস্তদের জন্য সংস্থাটি যে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল, তা নিয়েও কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল।

এদিকে, সর্বশেষ এ সাইবার হামলার খবর কর্মকর্তাদের নজরে আসার পরপরই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফক্স নিউজে সাক্ষাৎকার দেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। সেখানে তিনি সংস্থার সাইবার নিরাপত্তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। কয়েক মাস আগে চালানো একটি বিশেষ অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান, হ্যাকারদের হাত থেকে তথ্য বাঁচাতে কোম্পানিগুলোকে তাদের সিস্টেম হালনাগাদ করতে উৎসাহিত করাই ছিল অভিযানের লক্ষ্য। প্যাটেল বলেন, অন্যান্য প্রশাসন এ হালনাগাদগুলো করতে পারত, কিন্তু তারা তা করেনি। আমরা সময়ের চেয়ে এগিয়ে থাকছি এবং হারানো সময় পুষিয়ে নিচ্ছি।

অন্যদিকে, মার্কিন কৃষি বিভাগেও (ইউএসডিএ) সাইবার হামলার মতো একটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনবিসি। সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, বৃহস্পতিবার কৃষি বিভাগের কর্মীদের জানানো হয়েছে তাদের খামারের অর্থ পরিশোধের ব্যবস্থাটি হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে গত সপ্তাহে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের পরপরই নতুন এ সাইবার হামলার খবর সামনে এল। কর্মকর্তারা দাবি করেছেন, গত সপ্তাহের বিভ্রাটগুলো সাইবার হামলার কারণে ঘটেনি। তবে বারবার এমন বিভ্রাটের কারণে মার্কিন আইনপ্রণেতারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।

সূত্র: প্রেস টিভি

/এমএকে/