ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে যা জানালেন মার্কিন দূত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে যা জানালেন মার্কিন দূত
মার্কিন দূত টম ব্যারাক

তুরস্ক ও সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন চলতি সপ্তাহের শেষে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

অনলাইনে ছড়িয়ে পড়া এক সাক্ষাৎকারের ক্লিপে বিশেষ দূত টম ব্যারাককে প্রশ্ন করা হয়েছিল, এ সপ্তাহের শেষে কি ইরানে কোনো হামলা হতে পারে? জবাবে ব্যারাক বলেন, অবশ্যই।

ব্যারাকের এ মন্তব্য প্রকাশ্যে আসার পর ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে ব্যারাকের এ বক্তব্য এবং ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত সম্ভাব্য হামলা স্থগিত রাখার অবস্থান নিয়ে প্রশ্ন করেন, তখন ট্রাম্পকে বেশ অবাক হতে দেখা যায়।

ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, সে আমার রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, আমার ধারণা, তিনি বেশ ক্ষমতাধর একজন মানুষ। যদি তাই হয়, আমি এ ব্যাপারে কিছুই জানি না।

সাক্ষাৎকারে টম ব্যারাক ইরানের প্রতি ট্রাম্প প্রশাসনের মূল দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি জানান, ওয়াশিংটনের উদ্দেশ্য তেহরানের শাসনব্যবস্থা বদলে দেওয়া নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যে হুমকি তৈরি হয়েছে তা কমিয়ে আনা। ইরান নীতি নিয়ে ব্যারাক বলেন, এর পরিণাম শাসনব্যবস্থার পরিবর্তন হবে না। রাষ্ট্রপতি ভারসাম্য পুনঃস্থাপন করতে আগ্রহী, যাতে কোনো হুমকি না থাকে এবং বিশ্ব শান্ত হতে পারে।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, মার্কিন প্রেসিডেন্ট এখনো সংঘাতের বদলে আলোচনার দরজাই খোলা রাখছেন। তবে সে ক্ষেত্রে ওয়াশিংটনের কিছু শর্ত রয়েছে। ব্যারাকের ভাষায়, ট্রাম্প একটি চুক্তির জন্য আগ্রহী তবে তিনি কী চান সে বিষয়েও খুব স্পষ্ট। প্রেসিডেন্ট ও তার বিশেষ দূতের এমন বিপরীতমুখী বক্তব্যে মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের ধোঁয়াশা ও কৌতূহল তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/