শিরোনাম

কঙ্গোয় স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কঙ্গোয় স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২৯
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ডিআর কঙ্গোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে বড় একটি অংশই স্কুলশিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চিমপুন্ডা এলাকায় প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দুটি স্কুল ও বসতিতে ছড়িয়ে পড়ে।

জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল আটটার দিকে উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং কাছের একটি বসতিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কিভু প্রদেশের উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে বার্তা সংস্থা এএফপিকে বলেন, আগুনের পর শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ হুড়োহুড়ি শুরু হয়। অনেকে একে অন্যের ওপর পড়ে ও পদদলিত হয়, আবার কেউ কেউ বের হওয়ার জন্য বিপজ্জনক পথ বেছে নেয়। এতে অনেকেই জ্ঞান হারান এবং কয়েকজন পদদলিত হয়ে মারা যান। আগুনের ঘন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয় বহু শিশু।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ক্লিনিকগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা যায়। স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে এএফপিকে বলেন, তাদের চিকিৎসাকেন্দ্রে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আনা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন। অধিকাংশেরই শ্বাসরোধজনিত গুরুতর অবস্থা ছিল। তিনি জানান, কয়েকজন ঘটনাস্থলেই মারা যান এবং আরও কয়েকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এদিকে আফ্রিকান কন্টিনেন্টাল ফোর্সেস/এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১৭ জন কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজন বুকাভু প্রাদেশিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/