নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০
নাইজেরিয়ান সেনাবাহিনীর সদস্যরা

নাইজেরিয়ার মধ্যঞ্চলের তারাবা রাজ্যের বিনারি গ্রামে এক ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার জুমার নামাজ শেষ হতে না হতেই মোটরসাইকেলে করে শতাধিক বন্দুকধারী গ্রামে ঢুকে হামলা শুরু করে। অতর্কিত এ হামলায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণে বাঁচাতে বাসিন্দারা আশপাশের ঝোপঝাড়ের দিকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের এ তথ্য জানিয়েছে। হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পর অন্তত ২০ জনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গ্রামটির বাসিন্দা ইসিয়াকু মুসা ও সাইদু নুহু জানান, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকজন গ্রামবাসী নিখোঁজ রয়েছেন। তবে পুলিশ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় নেতা মালাম আবুবকর সাইফুল্লাহি জানান, প্রতিটি মোটরসাইকেলে দুজন করে সশস্ত্র ব্যক্তি ছিল। গ্রামে ঢুকে তারা এলোপাতাড়ি হামলার পাশাপাশি বিভিন্ন দোকানে লুটপাট চালায়। দোকানগুলো থেকে নগদ টাকা, খাবার ও দরকারি মালামাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পালিয়ে যাওয়া বাসিন্দাদের ফেলে রাখা মোটরসাইকেলগুলোও নিয়ে যায় তারা।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার তারাবা রাজ্য ও এর আশপাশের অঞ্চলে সশস্ত্র ডাকাত ও অপরাধী চক্রের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নিয়মিতই সেখানে সাধারণ মানুষের ওপর এমন রক্তক্ষয়ী হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।

এদিকে এ ঘটনার পর এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, উত্তরাঞ্চলের গ্রামীণ সাধারণ মানুষকে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মুখে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হচ্ছে। এছাড়া অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষের ধারাবাহিক ব্যর্থতার কারণে বারবার এমন ঘটনা ঘটছে।

সূত্র: আইকিউএনএ

/এমএকে/