শিরোনাম

হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু বেড়ে ১০১৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু বেড়ে ১০১৯
হাসপাতালে হামের চিকিৎসার শিশু ওয়ার্ড

দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মোট ১ হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭ শিশু মারা গেছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৫৫ জন এসেছে। আর হাম শনাক্ত হয়েছে ৩৯ জনের।

বিভাগভিত্তিক হিসাবে, এ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭৭ জন, রাজশাহীতে ৫৫, সিলেটে ১২১, চট্টগ্রামে ২০০, বরিশালে ৬০, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১ ও রংপুরে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ২০ হাজার ৬ জনের। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৯, বরিশালে ৫৭, খুলনায় ৩৯, ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায়ও ঢাকা বিভাগই শীর্ষে, মারা গেছে ৬৩ জন। এর পরেই আছে বরিশাল বিভাগ, সেখানে মারা গেছে ১৯ জন।

/এসআর/