শিরোনাম

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধিতা ব্রিকস নেতাদের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধিতা ব্রিকস নেতাদের
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন।

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছে ব্রিকস নেতারা। একই সঙ্গে ইরান ও ইউক্রেনের চলমান যুদ্ধসহ বিশ্বজুড়ে সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে এই জোট।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের প্রথম দিনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নিউ দিল্লি ঘোষণায়’ এসব কথা বলা হয়। দুই দিনের এ সম্মেলনে জোটের সদস্যদেশগুলোর নেতারা বৈশ্বিক সংঘাত, গাজা পরিস্থিতি, পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

ঘোষণায় গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও সহিংসতা অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের লক্ষ্যে নেওয়া যেকোনো নীতির প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

ব্রিকস নেতারা বলেন, এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়, যা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার ক্ষুণ্ন করে কিংবা দখলদারত্বকে বৈধতা দেয় বা দীর্ঘায়িত করে।

ঘোষণায় বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব। এ ক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারসহ তাদের বৈধ অধিকার নিশ্চিত করতে হবে।

অধিকৃত জেরুজালেমের আইনগত ও ঐতিহাসিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নেওয়া একতরফা পদক্ষেপেরও বিরোধিতা করেছে ব্রিকস। শহরটির সব ধর্মীয় স্থাপনা ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা এবং সবার নির্বিঘ্নে ধর্মীয় আচার পালনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল)–এর স্থাপনা ও সদস্যদের ওপর হামলার নিন্দা জানিয়েছে জোটটি। এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।

/বিবি/