শিরোনাম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলি, ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলি, ২ বাংলাদেশি নিহত
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপির কাছাকাছি এ ঘটনা ঘটে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে আসাদুজ্জামান (৩৩) এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম (৩২)। আহত ব্যক্তি একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পীরগঞ্জ চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ ওই হাসপাতালেই রয়েছে।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত দুজনই আমাদের এলাকার ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাদের মৃত্যুর খবর তারা জানতে পেরেছি। বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন সূত্রে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে বিএসএফের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

/এসবি/