একইসঙ্গে অশুভ শুক্রবার ও দয়া দেখানোর দিন আজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
একইসঙ্গে অশুভ শুক্রবার ও দয়া দেখানোর দিন আজ
ছবি: এআই

যত দিন যাচ্ছে, ততই যেনো মানুষের মাঝ থেকে মায়া, মমতা, ভালোবাসা, দয়া, সহানুভূতি দূরে সরে যাচ্ছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যুদ্ধ আর ক্ষুধা। মানুষে মানুষে হানাহানিও বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন পত্রিকা বা সামাজিকমাধ্যমের পাতা ঘাটলে হত্যা, খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা অহরহ চোখে পড়ে। তবে আজ ব্যতিক্রমধর্মী একটা দিন। ১৩ নভেম্বর শুক্রবার একই দিনে পালিত হচ্ছে বহুল পরিচিত কুসংস্কারনির্ভর ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ বা অশুভ শুক্রবার এবং বিশ্ব দয়া দিবস (ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে)।

একদিকে শুক্রবার ১৩ তারিখকে অনেকেই দুর্ভাগ্য, দুর্ঘটনা ও অমঙ্গলের প্রতীক হিসেবে মনে করে। অন্যদিকে, দয়া দিবস মানুষের মধ্যে সহমর্মিতা, উদারতা ও মানবিক আচরণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়। কুসংস্কার যেখানে মানুষকে সম্ভাব্য দুর্ভাগ্য নিয়ে সতর্ক থাকতে বলে, সেখানে বিশ্ব দয়া দিবস অন্যের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।

যদিও শুক্রবার ১৩ তারিখ অন্য দিনের তুলনায় বেশি অশুভ, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

শুক্রবার ১৩ তারিখকে অশুভ মনে করা হয় কেন?

এই দিনটিকে ঘিরে দুর্ভাগ্যের ধারণার শিকড় বহু পুরোনো। এর মধ্যে রয়েছে পাশ্চাত্য বিশ্বাস ও কুসংস্কার। পশ্চিমা সংস্কৃতিতে ১২ সংখ্যাকে পূর্ণতার প্রতীক হিসেবে দেখা হতো। যেমন বছরে ১২ মাস, রাশিচক্রে ১২টি চিহ্ন, যিশুর ১২ জন শিষ্য। তাদের মতে, যিশুর শেষ নৈশভোজে ১৩ জন উপস্থিত ছিলেন। বিশ্বাসঘাতক জুডাস ছিলেন তাদের মধ্যে ১৩তম। অন্যদিকে যিশু খ্রিষ্টকে শুক্রবার ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনায় অনেকে ১৩ সংখ্যাকে অশুভ বলে বিশ্বাস করতে শুরু করেন।

এই দুই বিশ্বাস একত্রিত হয়ে শুক্রবার ১৩ তারিখকে অশুভ দিন হিসেবে পরিচিত করেছে।

কেন এই বিশ্ব দয়া দিবস?

সহমর্মিতা, উদারতা, সহানুভূতি ও মানবিক কাজের গুরুত্ব তুলে ধরতে ১৯৯৮ সালের ১৩ নভেম্বর উদ্যোগ নেয় ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট। তাদের উদ্যোগে ওদিন প্রথমবারের মতো দিবসটি পালিত হয়।

দিবসটির মূল উদ্দেশ্য হলো- ছোট ছোট ভালো কাজের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।

কারও পাশে দাঁড়ানো, অসহায় মানুষকে সাহায্য করা, স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেওয়া কিংবা সামান্য একটি ভালো আচরণ দিয়ে দিবসটির চেতনা বাস্তবায়ন করা হয়।

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/