কাজে মনোযোগ ধরে রাখার সহজ উপায়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কাজে মনোযোগ ধরে রাখার সহজ উপায়
ছবি: এআই

অনেকেই অফিসে বা অন্য কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারেন না। স্মার্টফোনের নোটিফিকেশন, সামাজিকমাধ্যমে স্ক্রল করা কিংবা একসঙ্গে অনেক কাজ করার কারণে এমনটি হতে পারে। আবার কাজ করতে বসে বারবার ফোন দেখা, একের পর এক ওয়েবসাইট খোলা কিংবা তারকাদের জীবনযাপন নিয়ে কৌতূহলও মনোযোগ ব্যাঘাত ঘটনোর কারণ। তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে মনকে স্থির রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক-

একসঙ্গে অনেক কাজ না করে একটিতে মনোযোগ দিন

একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা না করে একটি কাজে মন দিন এবং সেটা আগে শেষ করুন। কাজের সময় অপ্রয়োজনীয় ব্রাউজার ও ট্যাব বন্ধ রাখুন। ফোনে বারবার নোটিফিকেশন আসলে মনোযোগ নষ্ট হয়, এজন্য নোটিফিকেশন বন্ধ করে দিন।

চিন্তা লিখে রাখুন

আপনি কখন কী করবেন- এমন চিন্তাগুলো লিখে রাখুন। কাজের মধ্যে হঠাৎ অন্য কোনো চিন্তা এলে সেটি নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারেন, এর ফলে আগের চিন্তাগুলো বাদ পড়ে যেতে পারে। এক্ষেত্রে করণীয় কাজের তালিকা তৈরি করলে মাথায় একসঙ্গে অনেক বিষয় ঘুরা বন্ধ হয়। ফলে চলমান কাজে মনোযোগ ফিরিয়ে আনা সহজ হয়।

কাজকে কয়েকটি ভাগ করুন

বড় কাজকে কয়েকটি ছোট ধাপে ভাগ করুন। বড় কোনো কাজ একবারে শেষ করার চিন্তা মানসিক চাপ তৈরি করতে পারে। প্রতিটি ধাপ শেষ হলে তালিকায় টিক চিহ্ন দিন। এতে অগ্রগতি বোঝা যায়। পাশাপাশি কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ বাড়ে।

চিন্তার ধরন বদলান

যদি কোনো কাজে মনোযোগ না আসে, তবে চাপ না নিয়ে অন্য অপ্রয়োজনীয় কিছু কাজ করতে পারেন। যেমন ছবি আঁকা, নকশা তৈরি ইত্যাদি। একইভাবে কোনো বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আটকে না থেকে চিন্তা প্রকাশের ধরন বদলাতে পারেন। এর ফলে নতুন ধারণা আসতে পারে।

শরীর নড়াচড়া করুন

অনেকে একটানা ২০ থেকে ৩০ মিনিট কাজ করে বিরতি নিলে ভালো ফল পান। তবে কাজে গভীর মনোযোগ তৈরি হলে শুধু সময় হয়েছে বলে বিরতি নেওয়ার প্রয়োজন নেই। মনোযোগ কমে গেলে কিছুক্ষণ হাঁটুন, চা পান করুন কিংবা কাজের জায়গা পরিবর্তন করুন। এছাড়া প্রকৃতির মাঝে সময় কাটান। কিছুক্ষণ বাইরে হাঁটলে মন ভালো হতে পারে। এর ফলে নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি হয়। মনোবিজ্ঞানীদের মতে শরীরের নড়াচড়া মেজাজ ভালো রাখতে সহায়তা করে এবং নতুন ধারণা আসার পথ তৈরি করতে পারে।

নিজেকে দোষারোপ থেকে বিরত থাকুন

সারাদিন একই মাত্রায় মনোযোগ ধরে রাখা সম্ভব নয়। এজন্য মনোযোগ ধরে রাখতে না পেরে নিজেকে অতিরিক্ত দোষারোপ করবেন না। এক্ষেত্রে কী কারণে মনোযোগ নষ্ট হয়েছে, তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে কাজের পরিবেশ বদলান। ফোন দূরে রেখে নিরিবিলি জায়গায় বসুন।

সূত্র: দ্য গার্ডিয়ান

/জেএইচ/