টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু নেতা: মির্জা আব্বাস

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু নেতা: মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে বিএনপির কিছু নেতা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে তাঁরা খবর পাচ্ছেন। বিএনপির কিছু লোভী নেতা অর্থের বিনিময়ে তাঁদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁদের জানাতে হবে। অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা বা আঁতাতকারীদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিকভাবে সমর্থন না পেয়ে একটি গোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির এমন প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, সবারই গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতি করার অধিকার রয়েছে। তবে কেউ অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবেন না। এসব কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি এখনো মাঠে নামেনি। বৃষ্টি উপেক্ষা করে ছোট পরিসরের এই সভায় মানুষের ব্যাপক সাড়া ও আবেগই প্রমাণ করে, ঢাকায় বিএনপি পূর্ণ শক্তিতে মাঠে নামলে কী পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বা পরিচয় পরিবর্তনের চেষ্টা করলে দল তাঁকে ছাড় দেবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এমআর/