‘স্লিপ ট্যুরিজম’ কী, কেন জনপ্রিয় হয়ে উঠছে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘স্লিপ ট্যুরিজম’ কী, কেন জনপ্রিয় হয়ে উঠছে?
বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠছে এক নতুন ভ্রমণ ধারা ‘স্লিপ ট্যুরিজম’ বা ঘুমের পর্যটন

ব্যস্ত জীবন, নাগরিক কোলাহল আর অন্তহীন স্ক্রিন টাইমের কারণে মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে শান্তি। আর এই শান্তির সবচেয়ে বড় অনুষঙ্গ ‘ঘুম’। যা বর্তমানে অনেকের কাছেই সোনার হরিণ। এই নাগরিক ক্লান্তি ও অনিদ্রা থেকে মুক্তি পেতে বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠছে এক নতুন ভ্রমণ ধারা ‘স্লিপ ট্যুরিজম’ বা ঘুমের পর্যটন।

একসময় মানুষ ঘুরতে যেত নতুন জায়গা দেখতে বা রোমাঞ্চের খোঁজে। কিন্তু এখন মানুষ ছুটছে শুধু একটু শান্তিতে ঘুমানোর জন্য। কোলাহলমুক্ত শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে শরীর ও মনকে বিশ্রাম দেওয়াই এই ট্রেন্ডের মূল উদ্দেশ্য।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত কাজের চাপ ও ডিজিটাল ডিভাইসের অতিব্যবহার মানুষের স্বাভাবিক ঘুমের চক্র নষ্ট করে দিচ্ছে। ফলে মানুষ এমন জায়গা খুঁজছে যেখানে থাকবে না কোনো ইন্টারনেটের ব্যস্ততা বা যান্ত্রিকতা। সেজন্য মানুষ ছুটে যাচ্ছে পাহাড়ি রিসোর্ট, গহীন অরণ্য কিংবা সমুদ্রতীরের শান্ত কুঠিরে, শুধু চোখের পাতা দুটো এক করার জন্য।

ইউরোপ ও আমেরিকার বড় বড় হোটেলগুলোতে এখন পর্যটকদের জন্য বিশেষ ‘স্লিপ প্যাকেজ’ দেওয়া হচ্ছে। এসব প্যাকেজে থাকছে শব্দহীন ঘর, আরামদায়ক বিছানা, সুগন্ধি থেরাপি এবং ঘুমানোর আগে ডিজিটাল ডিভাইস বা ফোন জমা রেখে দেওয়ার মতো ‘ডিজিটাল ডিটক্স’ ব্যবস্থা।

বাংলাদেশেও এই ট্রেন্ডের হাওয়া লেগেছে। ছুটির দিনে ঢাকার কোলাহল ছেড়ে অনেকেই এখন বেছে নিচ্ছেন শ্রীমঙ্গলের চা বাগান, বান্দরবানের মেঘের ওপারের কটেজ কিংবা সুন্দরবনের গহীন রিসোর্ট। যেখানে পাখির ডাক আর বাতাসের শব্দ ছাড়া আর কোনো কৃত্রিম আওয়াজ নেই।

যান্ত্রিক জীবন থেকে বিরতি নিয়ে এভাবে শরীর ও মনকে রিচার্জ করা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই।

/এসএ/