জাপানে কৃষিখাতে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জাপানে কৃষিখাতে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে
জাপানের কৃষিকাজ করছেন শ্রমিকরা

জাপানের কৃষি খাতে দীর্ঘদিনের শ্রমিক সংকাট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশ ও নেপালের শ্রমিকরা। দক্ষ বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও ধরে রাখার কাজে নিয়োজিত টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ‘মিরাই’ প্রথমবারের মতো কৃষি কাজের জন্য বাংলাদেশি প্রার্থী যুক্ত করেছে। এটি ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে কর্মী আসার প্রবাহ কমে যাওয়ার প্রেক্ষাপটে শ্রম উৎসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার উত্থানের ইঙ্গিত দিচ্ছে।

টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত আগস্টে জাপানের স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশে মিরাইয়ের একটি সহযোগী স্কুলের দুইজন শিক্ষার্থী আওমোরি প্রিফেকচারের একটি কৃষি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। আগামী মাসগুলোতে উত্তর-পূর্বাঞ্চলীয় ওই অঞ্চলের উদ্দেশে তাদের যাত্রা শুরু হবে।

তাদের মধ্যে একজন ময়মনসিংহের বাসিন্দা ২১ বছর বয়সী মুহাম্মদ আহসান হাবিব বলেন, ‘আমি জাপানে গিয়ে সেখানকার কৃষি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। তিনি আরও বলেন, ‘আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুরগিদের যথাযথ যত্ন নিতে চাই।’

অপর শিক্ষার্থী বরিশালের বাসিন্দা ২০ বছর বয়সী সিয়াম উর রহমান বলেন, ‘জাপানে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি দেশটিতে গিয়ে কঠোর পরিশ্রম করতে চাই।’ তিনি আরও বলেন, তিনি বরফ স্পর্শ করার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, গত জুনে দেশটিতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কৃষিশ্রমিকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এ শ্রেণির কর্মীদের সাধারণত জাপানে থাকার মেয়াদ ৫ বছর। আহসান ও সিয়ামও এ শ্রেণির কর্মী হিসেবে যোগ দেবেন।

জাপানের অভিবাসন পরিষেবা সংস্থার তথ্য অনুযায়ী, দেশভিত্তিক হিসাবে জাপানে কৃষিখাতে সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহ করেছে ইন্দোনেশিয়া। দেশটির কর্মীর সংখ্যা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ২৫৫ জন হয়েছে। এছাড়া নেপালে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে কর্মীর সংখ্যা ৯১৬ জনে, শ্রীলঙ্কায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩৮ জনে এবং বাংলাদেশে ১২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে।

মিরাই-এর মূল সংস্থা সাসটেইনেবল হোল্ডিংস-এর ক্যারিয়ার অ্যাডভাইজরি ডিভিশনের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা বলেন, ভিয়েতনাম, ফিলিপাইন এবং অন্যান্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলিতে মজুরি বৃদ্ধি পেয়েছে। ফলে জাপান ওইসব অঞ্চল থেকে কৃষি শ্রমিক আকৃষ্ট করার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

কিয়োডাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা শ্রম সরবরাহের উৎসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দিকে একটি পরিবর্তন দেখছি। যদিও বাংলাদেশ বড় কৃষিনির্ভর দেশ নয়, তবে এটি প্রায় ১৭ কোটি জনসংখ্যা এবং উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পন্ন একটি দেশ।’

২০১৮ সাল থেকে সাসটেইনেবল হোল্ডিংস মিরাই-এর মাধ্যমে এশিয়াজুড়ে বিদেশী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও কর্মী ধরে রাখার কর্মসূচি পরিচালনা করে আসছে।

কোম্পানির অংশীদার স্কুলগুলোর নেটওয়ার্ক ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমারজুড়ে বিস্তৃত। এর সঙ্গে শ্রীলঙ্কা ও নেপালকেও যুক্ত করা হয়েছে। সব প্রতিষ্ঠানে ১৮ বছর থেকে শুরু করে ত্রিশোর্ধ্ব বয়সী শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেন। নারীরা সাধারণত পরিচর্যামূলক পেশার দিকে ঝোঁকেন। আর পুরুষেরা আগ্রহী হন কৃষিকাজে।

নোমুরা বলেন, কৃষিক্ষেত্রে দক্ষ কর্মীর মর্যাদা অর্জন করতে হলে প্রার্থীদের অবশ্যই এন৪ শিক্ষানবিশ-স্তরের জাপানি ভাষার পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

‘জাপান উন্নত কৃষি প্রযুক্তির দেশ হিসেবে পরিচিত। এ কারণে অনেকেই দেশটিতে কাজ করার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের খামারে যুক্ত হন। তাদের অনেকে আবার নিজ দেশে কৃষি ব্যবসা পরিচালনা করেন,’ যোগ করেন তিনি।

বাংলাদেশে মিরাইয়ের ৩টি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত।

ঢাকার ওই স্কুলে ভাষা ও অন্যান্য বিষয় পড়ান এমন একজন জাপানি প্রশিক্ষক হলেন নুর নবি নরিকা। তিনি হাবিব ও রহমানের জাপানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আনন্দ প্রকাশ করে এটিকে তার জন্য ‘অত্যন্ত আনন্দের’ বিষয় বলে অভিহিত করেছেন।

বাংলাদেশে দুই দশক বসবাস এবং বাংলার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে নূর নবির। তিনি জোর দিয়ে বলেন, কার্যকর প্রশিক্ষণের জন্য প্রত্যেক কর্মীর সাংস্কৃতিক প্রেক্ষাপট ও মানসিকতা বোঝা অপরিহার্য।

তিনি জাপানে এমন একটি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে বিদেশি কর্মীরা দীর্ঘমেয়াদে উন্নতি করতে ও নিরাপদ বোধ করতে পারে।

বার্ধক্যজনিত ও অন্যান্য কারণে জাপানের কৃষি খাতে দীর্ঘস্থায়ী শ্রমিক সংকট তৈরি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ নাগাদ পর্যন্ত জাপানে কৃষি খাতে নির্দিষ্ট দক্ষ বিদেশি কর্মী এবং কারিগরি ইন্টার্ন প্রশিক্ষণার্থীর মোট সংখ্যা ছিল ৬৭,৯০৫ জন। এর মধ্যে টাইপ-১ কর্মী এবং টাইপ-২ মর্যাদাপ্রাপ্ত (যাদের থাকার কোনো সাধারণ সীমা নেই) কর্মী রয়েছেন।

অন্যদিকে কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৯ হাজার ২৩৪ জন দক্ষ বিদেশি কর্মীর মধ্যে ৬০ শতাংশেরও বেশি এসেছেন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে।

তবে দ্রুত বর্ধনশীল দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পরিবর্তনশীল প্রেক্ষাপট জাপানে বসবাসকারী দক্ষিণ এশীয়দের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করছে। সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নোরিয়ুকি তাকাকুরা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ তাদের একাগ্রতা ও অধ্যবসায়ের জন্য পরিচিত, যা তাদের উচ্চ সম্মান এনে দিয়েছে।

সাসটেইনেবল হোল্ডিংস এশিয়াজুড়ে মিরাই পার্টনার স্কুলগুলোতে শিক্ষার্থীদের বিনামূল্যে টিউশন ফি প্রদান করে আসছে। পাশাপাশি জাপানে পৌঁছানোর পর তাদের আবাসন খুঁজে পেতে সহায়তা করে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

/জেএইচ/