শিরোনাম

মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

সিটিজেন ডেস্ক
মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি
আটককৃত বাংলাদেশি শ্রমিকরা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে রাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকার দুটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘বারনামা’।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, বুধবার সন্ধ্যা ৭টা থেকে এই যৌথ অভিযান শুরু হয়। এতে ইমিগ্রেশন পুলিশ ছাড়াও শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) অংশ নেয়। শ্রমিকদের কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয়। এর মধ্যে প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকিদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯ বি ধারা অনুযায়ী তদন্ত করা হবে। পাশাপাশি শ্রম বিভাগও নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধগুলো খতিয়ে দেখবে।

প্রাথমিক তদন্ত শেষে জেমস লি জানান, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন। এছাড়া একই মালিকানাধীন দুটি কারখানায় অন্য খাতে নিবন্ধিত শ্রমিকদের অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বার ওই কারখানা দুটিতে অভিযান চালানো হলো। বিদেশি শ্রমিকদের পাশাপাশি অবৈধভাবে নিয়োগ দেওয়া মালিকপক্ষ বা নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানায় কর্তৃপক্ষ।

/এফআর/