রাজশাহী বিমানবন্দরের গেটে ২ গ্রেনেড, বিকল্প পথে বের হলেন জ্বালানিমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
রাজশাহী বিমানবন্দরের গেটে ২ গ্রেনেড, বিকল্প পথে বের হলেন জ্বালানিমন্ত্রী
(বামে) নিরাপত্তাজনিত কারণে তাকে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের জ্বালানিমন্ত্রী। (ডানে) উদ্ধারকৃত ২ গ্রেনেড

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান গেট থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা থেকে বগুড়া যাবার উদ্দেশে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। নিরাপত্তাজনিত কারণে তাকে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে গ্রেনেড দুটি পাওয়া যায়। পরে দুপুরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। এর পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে।

পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ রাখা হয়। যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প গেট খুলে দেওয়া হয়। পরে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়েছে।

/এফআর/