শিরোনাম

দূরত্ব যতই হোক, দেশের প্রতি ভালোবাসা কমে না: ডলি সায়ন্তনী

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দূরত্ব যতই হোক, দেশের প্রতি ভালোবাসা কমে না: ডলি সায়ন্তনী
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবে প্রায় দেড় বছর আগে দেশ ছেড়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। তবে বিদায়ের সময়টা এত দীর্ঘ হবে, তা কখনো কল্পনাও করেননি তিনি। প্রবাসজীবনের দেড় বছর পূর্তিতে দেশের জন্য গভীর টান, জীবনের কঠিন বাস্তবতা এবং দেশে ফেরার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন এক আবেগঘন বার্তা।

পোস্টে ডলি লিখেছেন, ‘২০২৫ সালের এই দিনটায় যেদিন নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম। তখন কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে।’

তিনি আরও লেখেন, ‘ভাবিনি, বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যেখানেই রেখেছেন, তার অশেষ রহমতে ভালো আছি। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনাই আমাকে প্রতিদিন শক্তি দেয়।’

দূরত্ব যতই হোক, দেশের প্রতি ভালোবাসা কমে না_ ডলি সায়ন্তনী (1)
কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

দীর্ঘ সংগীতজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে ডলি লেখেন, ‘জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করিনি। সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। হয়তো অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, বিশ্বাসভঙ্গের শিকার হয়েছি কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি আল্লাহ কখনো আমাকে নিরাশ করেননি।

ভক্তদের কাছে দোয়া চেয়ে এই কণ্ঠশিল্পী আরও লেখেন, ‘আজ প্রায় দেড় বছর হয়ে গেল দেশের বাইরে। আমার এই প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ আমার মেয়ের পড়াশোনা, তার ভবিষ্যৎ। আপনাদের সবার কাছে শুধু একটা অনুরোধ ওর জন্য, আমার জন্য দোয়া করবেন।’

দেশের প্রতি গভীর টান প্রকাশ করে ডলি সায়ন্তনী লেখেন, ‘জানি না কবে আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারবো। মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যখন কেউ বাংলাদেশ থেকে এসে দেখা করে, মনে হয় যেন একটু বাংলাদেশের গন্ধ, একটু বাংলাদেশের মাটি, একটু নিজের মানুষকে ছুঁয়ে দেখলাম।’

দূরত্ব যতই হোক, দেশের প্রতি ভালোবাসা কমে না_ ডলি সায়ন্তনী (2)
ডলি সায়ন্তনী

পোস্টের শেষাংশে প্রবাসীদের অনুভূতির সঙ্গে নিজের অনুভূতির মিল খুঁজে নিয়ে তিনি লেখেন, ‘আমার মতো অসংখ্য প্রবাসী হয়তো এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝবেন। দূরত্ব যতই হোক, নিজের দেশের জন্য ভালোবাসা কখনো কমে না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি, পৃথিবীর সব প্রবাসী একদিন যেন সুস্থ-সুন্দরভাবে তাদের প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারেন।’

/এফআর/