শিরোনাম

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কী বলছেন তারকারা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কী বলছেন তারকারা
কমল হাসান, প্রিয়াঙ্কা চোপড়া ও প্রকাশ রাজ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সমাজকর্মী সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন এবং দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের লাগাতার বিক্ষোভের পর শনিবার (২৫ জুলাই) পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে শিক্ষার্থীদের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেক তারকা।

অভিনেতা কমল হাসান সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘সংঘাতের জায়গায় সংলাপকে আসতে দেখে ভালো লাগছে। ভিন্নমতেরও সংলাপ প্রাপ্য। এটাই গণতন্ত্রের বাস্তব প্রয়োগ। বাপুর দেশে পেলেট গান, বৈদ্যুতিক শক দেওয়ার লাঠি কিংবা পেরেক লাগানো লাঠির কোনো স্থান নেই। একইভাবে নিরাপত্তাকর্মী ও সরকারি সম্পত্তির ওপর হামলার ঘটনাও নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। জবাবদিহি কখনোই বেছে বেছে হতে পারে না।’

সরকারের আলোচনায় বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের আলোচনায় বসার ইচ্ছাকে স্বাগত জানাই। এখন আমাদের নিশ্চিত করতে হবে, এই সংলাপ যেন দীর্ঘস্থায়ী সংস্কারের পথ তৈরি করে। সামনে পথ দীর্ঘ, তবে ভারতীয়দের একসঙ্গেই সেই পথে হাঁটতে হবে।’

খবরের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির ক্যাপশনে করতালি, হাসি ও হৃদয়ের ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

অভিনেত্রী ভূমি পেডনেকরও ইনস্টাগ্রামে প্রধানের পদত্যাগকে সমর্থন করে এটাকে ‘গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।

নির্মাতা জোয়া আখতার ইনস্টাগ্রামে জেন-জি প্রজন্মের প্রশংসা করে বলেন, ‘এই আন্দোলন আমাদের অনেক কিছু মনে করিয়ে দিয়েছে।’ এরপর তিনি একটি উদ্ধৃতি শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, ‘গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা, যেখানে ক্ষমতা জনগণের হাতে থাকে।’

অভিনেতা প্রকাশ রাজ সরাসরি আন্দোলনে অংশ নিয়েছিলেন। সামাজিকমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘অভিনন্দন, আমার প্রিয় ককরোচরা। প্রিয় সোনম ওয়াংচুক স্যার এবং তরুণদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন, ঐক্যবদ্ধ হলে একটি সরকারকেও নতজানু করে দেওয়া সম্ভব।’

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রতিক্রিয়ায় অভিনেতা বিজয় ভার্মা ইনস্টাগ্রামে সাবেক এই মন্ত্রীর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আচ্ছা, চলতা হুঁ, দুয়াওঁ মে ইয়াদ রাখনা’। অর্থাৎ, ‘ঠিক আছে, এবার বিদায় নিচ্ছি। প্রার্থনায় আমাকে মনে রেখো।’

অভিনেত্রী অদিতি রাও হায়দারি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘জেন-জি জয়ী হয়েছে। সততা, মর্যাদা, অহিংসা, জবাবদিহি, বাকস্বাধীনতা ও বুদ্ধিমত্তার জন্য আরও শক্তি কামনা করি। ভয়, বিভাজন ও ঘৃণার চেয়ে যেন সবসময় এগুলোর কণ্ঠস্বরই জোরালো হয়।’

অভিনেতা মানব কৌল লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি তরুণ প্রজন্ম। এই দেশ তোমাদের। এখন সবকিছু তোমাদের হাতেই। চলো, শুরু করি। জয় হিন্দ।’

/জেএইচ/