‘মা’ গানে মায়ের ভূমিকায় দিলারা জামান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘মা’ গানে মায়ের ভূমিকায় দিলারা জামান
গানটির গায়ক এস আই সুমনের সঙ্গে দিলারা জামান

গুণী অভিনেত্রী দিলারা জামানকে মায়ের চরিত্রেই পর্দায় বেশি দেখা যায়। এবার তিন দশক পর মিউজিক ভিডিওতে কাজ করলেন এই অভিনেত্রী। এস আই সুমনের গাওয়া ‘মা’ শিরোনামের গানের ভিডিওতে মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইউটিউবে শিল্পীর অফিসিয়াল চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে। ভিডিওটি পরিচালনা করেছেন ফয়সাল আগুন।

মায়ের ভালোবাসা, ত্যাগ, মমতা আর সন্তানের জীবনে তার অপরিসীম অবদানকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘মা’। ভিডিওটিতে আরও অভিনয় করেছেন গায়ক এস আই সুমন, অভিনেত্রী ফারজানা ববি ও মিকাঈল। গানটির কথা লিখেছেন হেলাল চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন এস আই সুমন নিজেই।

গান-ভিডিওটি প্রসঙ্গে গায়ক এস আই সুমন বলেন, ‘মা সন্তানের জীবনে কতটা নেয়ামত, তা আমরা অনেকেই সহজে বুঝতে পারি না। যাদের মা নেই তারা সে দুঃখটা বুঝতে পারেন। এই গানে সন্তান ও মায়ের ভালোবাসা তুলে ধরেছি।’

এস আই সুমন শুধু সংগীতশিল্পীই নন, সুরকারও। একসময় দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ঢাকা’র লিড গিটারিস্ট ছিলেন তিনি। ‘গডস কমান্ড’ (১৯৯২), ‘চ্যাপ্টার ওয়ান’ (২০১৩) ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যও তিনি।

২০১৬ সালে প্রকাশিত হয় সুমনের দুটি একক অ্যালবাম- ‘আঁধারপোকা’ ও ‘শূন্যতা’। তার ব্যান্ড ‘হৈচৈ’ বাংলা এবং ইংরেজি গানের জন্য প্রশংসিত।