কনসার্ট থেকেই আয় হাজার কোটি, এশিয়ার শীর্ষে সেভেনটিন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
কনসার্ট থেকেই আয় হাজার কোটি, এশিয়ার শীর্ষে সেভেনটিন
সেভেনটিন ব্যান্ডের সদস্যরা

গত এক বছরে কনসার্টের টিকিট বিক্রি থেকে ৯ কোটি ৭৪ লাখ ডলার আয় করেছে দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড সেভেনটিন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা।

২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টার। তাদের হিসাব অনুযায়ী, এ সময়ে এশিয়ায় সফরকারী শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ১৩ সদস্যের এই দল।

সোমবার সেভেনটিনের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট জানায়, গত এক বছরে ব্যান্ডটির কনসার্টের ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে। এসব টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৯ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার।

এর ফলে দলটি পোলস্টারের ‘এশিয়া ফোকাস চার্টস: টপ ট্যুরিং আর্টিস্টস’-এ শীর্ষ স্থান অধিকার করেছে। আর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মেয়েদের দল টোয়াইস ও বিগহিট মিউজিকের ছেলেদের দল টুমরো এক্স টুগেদার।

গত বছর এই তালিকায় শীর্ষে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। আর সেভেনটিন ছিলো দ্বিতীয় স্থানে।

এসব টিকিট বিক্রির একটি বড় অংশ এসেছে সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর থেকে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়ে এই বছরের এপ্রিলে শেষ হয়েছে। এই সফরে ইনচিয়ন, হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক এবং ফিলিপাইনের বুলাকানে স্টেডিয়াম শো অন্তর্ভুক্ত ছিল।

সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে। প্লেডিস এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাদের ৪টি কনসার্টের সব টিকিটও বিক্রি হয়ে যায়। এর মধ্য দিয়ে ভেন্যুটিতে চারবার পারফর্ম করা প্রথম কে-পপ শিল্পী হিসেবে ইতিহাস গড়ে দলটি। এছাড়া জাপানের ভ্যানটেলিন ডোম নাগোয়া, কিয়োসেরা ডোম ওসাকা, টোকিও ডোম এবং মিজুহো পেপে ডোম ফুকুওকাসহ এশিয়ার বিভিন্ন বড় স্টেডিয়াম ও ডোমে দলটি মোট ২২টি পর্যন্ত কনসার্ট আয়োজন করে।

কনসার্টের পাশাপাশি গত মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ওসাকা ও টোকিও ডোমে এবং জুনে দক্ষিণ কোরিয়ার ইনচন এশিয়াড মেইন স্টেডিয়ামে সেভেনটিনের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের (ফ্যান মিটিং) আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত অংশ নেন। বাধ্যতামূলক সামরিক দায়িত্বে যোগদানের আগে এই ফ্যান মিটিংকে দলটির সর্বশেষ বড় যৌথ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

কোরিয়ার আইন অনুযায়ী, ১৮ থেকে ২৮ বছর বয়সী সুস্থ ও সক্ষম পুরুষ নাগরিকদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। বর্তমানে সেভেনটিনের কয়েকজন সদস্য সামরিক দায়িত্ব পালন করছেন। এ কারণে তাদের দলীয় কার্যক্রম সীমিত পরিসরে চলছে।

কোরিয়ান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে সামরিক দায়িত্ব শেষ করে ফিরেছেন জংহান। অন্যদিকে ওনউ, উজি, হোশি, ভারনন, ডিকে ও মিনগিউ বর্তমানে সামরিক দায়িত্ব পালন করছেন। সেউংকোয়ান ও দিনোর আগামী ২৬ অক্টোবর সামরিক বাহিনীতে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ পরিস্থিতিতে দলের অন্য সদস্যরা একক ও ইউনিটভিত্তিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সোমবার জংহান ও জশুয়া জুটি হিসেবে তাদের প্রথম ইপি ‘ড্রিমস্কেপ’ প্রকাশ করেছেন। এ জুটি দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশের ছয়টি শহরে ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু করবে। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় চলবে উদ্বোধনী পর্ব।

সূত্র: কোরিয়ান হেরাল্ড, কোরিয়া জুংআং ডেইলি

/জেএইচ/