রাষ্ট্রের প্রয়োজনে শিল্পীদের পেটেভাতে ডাকার চেষ্টা করা হয়: আসিফ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
রাষ্ট্রের প্রয়োজনে শিল্পীদের পেটেভাতে ডাকার চেষ্টা করা হয়: আসিফ
আসিফ আকবর

দেশের সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অভিযোগ করেন, শিল্পীদের নিয়ে রাষ্ট্রের কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই। অথচ রাষ্ট্রের প্রয়োজনে শিল্পীদের পেটেভাতে ডাকার চেষ্টা করা হয়। কনসার্টের সুযোগের অভাব, আর্থিক অনিশ্চয়তা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সংকটে সংগীতশিল্পীরা বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও জানান তিনি।

ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকা, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও তার বন্ধুমহল।

প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করে আসিফ বলেন, তিনি একজন মহীরুহ ছিলেন। তাকে আমরা সর্বান্তকরণে মিস করি। ইন্ডাস্ট্রির এই সংকট সময়ে বাচ্চু ভাইয়ের অনুপস্থিতিতে সবাইকে আগলে রাখা, এক করে রাখা এবং সবাইকে নিয়ে কাজ করা, সবার জন্য ভাবনা নেওয়ার মতো মানুষ নেই ইন্ডাস্ট্রিতে। এখন তো ইন্ডাস্ট্রি বলতে শব্দটা আছে, কিন্তু ইন্ডাস্ট্রি আছে কোমায়।’

দেশের সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অনেক শিল্পী ও সংগীতজ্ঞ ইতোমধ্যে বিদেশে চলে গেছেন। যারা এখনও দেশে আছেন, তাদের অনেকেও হয়তো দ্রুত দেশ ছাড়ার সিদ্ধান্ত নেবেন, নয়তো জীবনধারণের বিকল্প পথ খুঁজবেন।

তিনি আরও বলেন, শিল্পীদের এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।

সংগীতশিল্পীদের পেশাগত নিরাপত্তা, কাজের সুযোগ ও রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন এই সংগীতশিল্পী।

/জেএইচ/