২৫ হাজার কোটির উত্তরাধিকারীকে বিয়ে করলেন অনিরুদ্ধ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২৫ হাজার কোটির উত্তরাধিকারীকে বিয়ে করলেন অনিরুদ্ধ
ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান

দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন ও নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান।

বুধবার (১১ নভেম্বর) গ্রিসে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিয়ের পর নিজেদের প্রথম যুগল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির ক্যাপশনে তিনি লিখেন, আমার জীবনে একবারই আসা আর সারা জীবনের জন্য।

ছবিতে হাতির দাঁতের রঙের নকশা করা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় অনিরুদ্ধকে। অন্যদিকে হালকা গোলাপি কারুকাজ করা লেহেঙ্গায় সেজেছিলেন কাব্য। দুজনের মুখে হাসি, হাতে হাত আর চারপাশে ফুলের পাপড়ি- সব মিলিয়ে বিয়ের মুহূর্তটি হয়ে ওঠে নজরকাড়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর দুই দিন ধরে চলে বিয়ের আনুষ্ঠানিকতা। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও রাজনীতির অঙ্গনের পরিচিত ব্যক্তিরা। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনিরুদ্ধ-কাব্যর সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরেই নানা আলোচনা চলছিলো। তবে প্রকাশ্যে কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। ২০২৫ সালের জুনে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে তা নাকচ করেছিলেন অনিরুদ্ধ। পরবর্তী সময়ে তার চাচা অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে বিয়ের প্রস্তুতির কথা জানালে আলোচনা আরও জোরালো হয়।

কাব্য মারান ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া একজন উদ্যোক্তা। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও কাবেরী মারানের মেয়ে। কাব্য সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হওয়ার পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্পদের হিসাবেও আলোচনায় রয়েছে কাব্যর পরিবার। হুরুন রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, তার বাবা কালানিধি মারানের আনুমানিক সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা। ফোর্বসের হিসাবে তার সম্পদের পরিমাণ ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বেশি। ফলে ভারতের অন্যতম বড় ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবেও কাব্য পরিচিত।

অন্যদিকে, অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালক। ২০১২ সালে ধানুশ অভিনীত ‘থ্রি’ সিনেমার ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ‘জেলার’, ‘পেট্টা’, ‘মাস্টার’ ও ‘কাথথি’র মতো সিনেমায় সংগীত পরিচালনা করে নিজের অবস্থান শক্ত করেন। ২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডেও অভিষেক হয় তার।

/এসবি/