শিরোনাম

বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি বংশোদ্ভুত সঞ্জয়

বিনোদন ডেস্ক
বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি বংশোদ্ভুত সঞ্জয়
বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল শিল্পী হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করার ঐতিহাসিক সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সঞ্জয় নিজেই বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার এ গৌরবময় সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

আন্তর্জাতিক এ অর্জন নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সঞ্জয় জানান, দুটি ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হওয়া এবং বিশ্বমঞ্চে নিজের সৃষ্টিকে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন তিনি দেখতেন, তা আজ বাস্তবে রূপ নিল। বিশ্বমঞ্চে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন গান ‘সির সির’। গানটিতে সঞ্জয়ের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামটি বিশ্বসংগীতের এক মহা মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। সঞ্জয়ের পাশাপাশি অ্যালবামে স্থান করে নিয়েছেন দ্য রোলিং স্টোনস, শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় ও রেমার মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক তারকারা।

ফিফা ইতোমধ্যেই ৩ আয়োজক দেশজুড়ে হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্মারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানে বিশ্বসেরা তারকা কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক-এর জনপ্রিয় সদস্য লিসার সঙ্গে একই মঞ্চে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়। উল্লেখ্য, শ্রীমঙ্গলে জন্ম নেওয়া এবং চট্টগ্রামে বেড়ে ওঠা সঞ্জয় পরবর্তীতে ক্যারিয়ারের টানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিজের অনন্য মিউজিকাল আইডেন্টিটি গড়ে ওঠার পেছনে তিনি তার বহুসাংস্কৃতিক জীবন এবং পারিবারিক ঐতিহ্যকে কৃতিত্ব দিয়েছেন। মূলত এটি এসেছে তার সংগীতমনস্ক মা ও নানীর কাছ থেকে। এ অনন্য অর্জনকে কেবল নিজের একক সাফল্য না ভেবে, সমস্ত সীমাবদ্ধতা পেরিয়ে বড় লক্ষ্য ছোঁয়ার লড়াইয়ে থাকা তরুণ স্বপ্নবাজদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন এ শিল্পী।

/এমএকে/